হূদয় চুরি না করে টিভি এবং কুকুর চুরি করেছিল প্রেমিক। কিন্তু সেগুলো রাখতে পারলো না সে। কারণ হূদয় চুরি করলে পৃথিবীর কেউ তা কেড়ে নিতে পারে না। কিন্তু বস্তুজগতের যে কোনো বস্তু চুরি হলে এবং পুলিশের সদিচ্ছা থাকলে উদ্ধার করা খুব বেশি সমস্যার নয়। তাইতো অবশেষে সেই টিভি এবং কুকুর উদ্ধার হলো। পুলিশে রিপোর্ট করার পর ভয়ে ‘প্রেমিক’ চুরি করা কুকুর ও টিভি রাতের অন্ধকারে ফেরত দিয়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে এই ঘটনা ঘটেছে। প্রেমিক-প্রেমিকার জীবনের প্রথম দেখাটা সবসময়ই তাদের জীবনে স্মৃতি হয়ে থাকে। একে অপরের মধ্যে ভিন্ন রকম এক অনুভুতির সৃষ্টি হয়।
প্রেমিকার মনে সেই অনুভুতি থাকলেও প্রেমিকের মনে সেটা ছিল না। নিউজার্সির এক নারী জানিয়েছেন, একজন লোকের সঙ্গে তার ইন্টারনেটে পরিচয় হয়। এর কিছুদিন পর তার সঙ্গে তার বাসায় ওই লোকটি দেখা করতে আসে। ওই নারী মনে করেছিলেন,হয়তো প্রেম নিবেদন করার জন্যই লোকটি এসেছে। এজন্য তার আপ্যায়নের ব্যবস্থা করার জন্য তিনি অন্য একটি কক্ষে গেলেন। পুরুষ মানুষটি একা একটি কক্ষে বসেছিল। ওই কক্ষে টিভি এবং তার প্রিয় কুকুরটি ছিল। অনেকক্ষণ পর ওই নারী কক্ষে আসলেন। কিন্তু এসে দেখেন তার হবু প্রেমিক নেই! তবে প্রেমিক নেই তাই নয়, লক্ষ্য করেন, কক্ষে তার তিন হাজার মার্কিন ডলার মূল্যের টিভি এবং ৪ হাজার মার্কিন ডলার মূল্যের কুকুরটিও নেই! তবে কপাল ভালো এগুলো তিনি ফেরত পেলেন - এপি
