পৃথিবীতে কিছু অপরাধ আছে যেগুলো কিছু দেশে ঘটানো খুব সহজ। আবার কিছু দেশে ঘটানো খুবই কঠিন। এই যেমন তেল চুরি। আফ্রিকার দেশ নাইজেরিয়ার মতো দেশে এই কাজটি করা অনেকটা সহজসাধ্য ব্যাপার। তবে ব্রিটেনের মতো উন্নত দেশে সেই কাজটি করা অত্যন্ত কঠিন বলেই মনে হয়। কিন্তু তারপরও সেই ব্রিটেনেই নাকি এবার তেল চুরির ঘটনা ঘটলো!
ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের হ্যাম্পশায়ারের ওয়েলোতে এই তেল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, একদল ডাকাত মাটির নীচে পাইপলাইনের নির্গমন মুখ থেকে তেল চুরি করে। প্রশ্ন উঠেছে তাহলে নিরাপত্তা বাহিনী কী করেছে! পুলিশ জানায়, ৩০ হাজার লিটারের বেশি তেল চুরি হয়েছে। এই পাইপ লাইনটি ব্রিটেনের প্রধান পাইপলাইন। এখান দিয়ে গ্যাস, ডিজেল, গ্যাসোলিন সরবরাহ করা হয় এসো নামের একটি তেল পরিশোধণ কোম্পানিতে। ব্রিটেনের মতো দেশে এটা ঘটতে পারে সেটা অনেকের কল্পনার বাইরে ছিল। কিন্তু সেই অকল্পনীয় ব্যাপারটিই ঘটলো! অন্যদিকে নাইজেরিয়ায় প্রতি মাসে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের তেল চুরির ঘটনা ঘটে! তেল চুরির স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চোরদের গ্রেপ্তারে অভিযান চলছে। - রয়টার্স
