চিকিত্সকের অবহেলার অভিযোগে
তদন্ত কমিটি গঠন
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সকের অবহেলার কারণে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত ছাত্রের পরিবারের লোকজন ও স্বজনরা কর্তব্যরত চিকিত্সকের ওপর উত্তেজিত হয়ে উঠলে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ মোতায়েন করা হয়।
মৃত স্কুলছাত্র মোস্তফা শাহারিয়ার শুভ (১৩) উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্রামের আব্দুস সামাদের ৭ম শ্রেণি পড়ুয়া ছেলে।
মৃতের মা শাহিদা বেগম জানান, জ্বর ও বমির কারণে অসুস্থ হলে শুভকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি করার সময় ছাড়া সারারাতের মধ্যে একবারও ডাক্তার রোগীর কাছে আসেনি। সম্পূর্ণ চিকিত্সকের দায়িত্ব অবহেলার কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে।
দায়িত্ব অবহেলার অভিযোগ অস্বীকার করে ডা. সুজন কুমার সরকার জানান, রাতে ভর্তির সময় আমি শুভকে দেখেশুনে চিকিত্সার ব্যবস্থা করি। এরপর সারারাত আমাকে কেউ কোনো কিছু জানায়নি। পরে ভোর পৌনে ৬টার দিকে রোগীর অবস্থা খুবই খারাপ বলে জানানো হলে তাত্ক্ষণিক রোগীর কাছে গিয়ে আধা ঘণ্টারও বেশি চিকিত্সা করি। সব ধরনের চেষ্টার পরও এক পর্যায়ে ভোর ৬টা ১০ মিনিটের দিকে শুভর মৃত্যু হয়। মেনিন জাইটিস, এনক্যাফালাইটিস ও সেপটিসোরিয়াসজনিত সমস্যার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছি।
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. এএসএম মারুফ হাসান জানান, রোগীর পরিবার ও তাদের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে মৃত্যুর প্রকৃত কারণ ও চিকিত্সকের কোনো গাফিলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সার্বিক বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ইউএনও জুলিয়া সুকায়না জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় কারো বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওসি এমদাদুল হক শেখ জানান, উত্তেজনার খবর পেয়েই হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়।
