দক্ষিণ সুদানের বিদ্রোহী নেতার গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:১২
দক্ষিণ সুদানের বিদ্রোহী কমান্ডার রিক মাচের বলেছেন, তার বাহিনী বেনতুই শহরে কয়েকশ’ মানুষ হত্যার পিছনে কখনোই জড়িত ছিল না। তিনি তার বিরুদ্ধে আনীত গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের অভিযোগ কখনোই সত্য নয়। জাতিসংঘ অভিযোগ করে বলেছে, গত সপ্তাহে বেনতুই শহরের একটি মসজিদে বিদ্রোহী রিক মাচের দল হামলা চালিয়ে কমপক্ষে ২শ’ লোককে হত্যা করেছে। এ ঘটনায় তখন নিন্দা জানায় জাতিসংঘ। সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর ওই শহরটি বিদ্রোহীরা পুনরায় দখল করে নিলে এ হত্যাকাণ্ড চালায় বলে জাতিসংঘের তরফ থেকে বলা হয়। গতকাল মঙ্গলবার রিক জাতিসংঘের এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, তার দল নিজ দেশের মানুষের ওপর এভাবে হত্যাযজ্ঞ চালাতে পারে না। তিনি তাদের এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন। গত বছর জুলাই মাসে প্রেসিডেন্ট সালভা কির, রিক মাচেরকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করেন। এরপর থেকেই সেখানে রিকের নেতৃত্বে বিদ্রোহী দলের আবির্ভাব ঘটে। রিক মাচের বলেন, আমি বেনতুইয়ে ফিল্ড কমান্ডারের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর প্রথম কারণ হচ্ছে আমরা আমাদের দেশের লোকদের সম্মান করি। আমাদের অধিকাংশ লোকই তাদের থেকে এসেছে। তাই আমরা আমাদের দেশের মানুষকে কখনোই এভাবে হত্যা করতে পারি না।