ইত্তেফাক রিপোর্ট
সামিটের এলএনজিবাহী প্রথম জাহাজ থেকে ভাসমান টার্মিনালে তরলীকৃত গ্যাস স্থানান্তর সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজারের মহেশখালি উপকূল থেকে ৬ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ গ্যাস স্থানান্তর করা হয়।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিট জানায়, ওমান ট্রেডিং ইন্টারন্যাশনাল থেকে ১ লাখ ৫৯ হাজার ঘনমিটার এলএনজি কেনে সামিট। ‘ক্রিয়োল স্পিরিট’ জাহাজ আলজেরিয়ার বেথেইউয়া থেকে এই এলএনজি বাংলাদেশে আনে। জুনের প্রথম দিকে একই ধরনের এলএনজি স্থানান্তরের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এ প্রসঙ্গে সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, ‘আমরা নির্ধারিত সময়ে বিদ্যুত্ প্রকল্প, এলএনজি প্রকল্প সম্পন্ন করে সক্ষমতা প্রমাণ করেছি।’
উল্লেখ্য, সামিট এলএনজি কোম্পানি এবং জাপানের মিতসুবিশি কনসোর্টিয়ামের মালিকানাধীন টার্মিনালটি গত ২৯ এপ্রিল বাংলাদেশে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ শুরু করে। তখন ভাসমান টার্মিনালটিই কাতার থেকে এলএনজি বহন করে বাংলাদেশে আসে। এখন থেকে পৃথক জাহাজ ওই টার্মিনালে আমদানিকৃত এলএনজি সরবরাহ করবে।
