রানা প্লাজা দুর্ঘটনার পর শ্রম পরিবেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে :আইএলও

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৫
রানা প্লাজা দুর্ঘটনার পর গত এক বছরে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ ও পোশাক শিল্প সংশ্লিষ্টদের প্রচেষ্টার ফলে শ্রম পরিবেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় আইএলও’র পক্ষ থেকে প্রয়োজনীয় সবধরনের সহায়তা দেয়া হবে। গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আইএলও’র উপ-মহাপরিচালক গিলবার্ট ফোসুন হংবো এসব কথা বলেন। পোশাক খাতে নতুন করে নিবন্ধিত ১৪০টি ট্রেড ইউনিয়নের নেতা এবং কর্মীদের দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন। রানা প্লাজা ট্রাজেডির এক বছরপূর্তি উপলক্ষে এক সপ্তাহের সফরে তিনি বাংলাদেশে এসেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ট্রেড ইউনিয়ন নিয়ে শিল্প মালিকদের মধ্যে অহেতুক ভীতি কাজ করে। এ ভীতি কাটাতে আইন ও নিয়ম মেনে ট্রেড ইউনিয়নকে কাজ করতে হবে। মালিক-শ্রমিক আস্থার সম্পর্ক গড়ে তোলা গেলে শিল্পের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। তিনি বলেন, গত চার বছরে ২১৯ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করা হয়েছে। তবে এর সুফল পাচ্ছে না শ্রমিকরা। কারণ মজুরি বাড়ার ঘোষণা এলেই অযৌক্তিকভাবে বাড়িভাড়া বাড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। পোশাক খাতের শ্রমিক সংকট কাটাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নারীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের কাজ আগামী জুন মাসে শুরু হবে। শ্রমিকদের কল্যাণে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, মন্ত্রিগিরির চেয়ে আমি শ্রমিকদের সহযোগিতাকে বেশি গুরুত্ব দেব। আইএলও’র উপ-মহাপরিচালক বলেন, রানা প্লাজা ট্রাজেডি শ্রম পরিবেশের জন্য একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবে ট্রেড ইউনিয়নের বিষয়ে সতর্ক থাকতে হবে-যাতে পোশাক খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার বলেন, ট্রেড ইউনিয়ন নিয়ে মালিকদের একটা জুজুর ভয় আছে। আইন মেনে ট্রেড ইউনিয়ন পরিচালনার মাধ্যমে শ্রমিকদেরকেই এ ধারণা ভুল প্রমাণ করতে হবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএলও’র বাংলাদেশের কন্ট্রিডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি, ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব রায় রমেশ চন্দ্র, ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটির ফর ওয়ার্কাস এডুকেশনের সভাপতি (এনসিসিডব্লিউই) জাফরুল হাসানসহ অন্যরা।