আহ শান্তি!

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:৫৭
নয় মাসের পাকিস্তানি শিশু মুসা খান পুলিশ ‘হত্যাচেষ্টার’ মামলার আসামি ছিল। দীর্ঘ শুনানির পর তার বিরুদ্ধে আনা অভিযোগ লাহোর আদালত খারিজ করে দিয়েছে। গত কয়েকদিন ধরে এই মামলাটি বিশ্ব গণমাধ্যমে অন্যতম আলোচনার বিষয় ছিল। পাকিস্তানের আইনপ্রয়োগকারী সংস্থার কার্যক্রম নিয়ে হাস্য-রসিকতাও হয় এই ঘটনার জের ধরে। কিন্তু মুসা খান অবশেষে এ সপ্তাহে সেই মামলা থেকে মুক্তি পেয়েছে। লাহোর হাইকোর্ট এই মামলা গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে। মামলার বাদী একজন এএসআই স্বয়ং। হত্যার উদ্দেশে মারধর করে ওই পুলিশের মাথা ফাঁটিয়ে দেয়ার অভিযোগ ছিল মামলায়। ধারণা করা হচ্ছে, মুসার পরিবারের সবাইকে মামলায় জড়াতে গিয়ে মুসার বয়স খেয়াল করে উঠতে পারেনি পুলিশ। যাহোক হত্যাচেষ্টা মামলার অভিযোগ থেকে মুক্তি পাওয়া এই মুহুর্তে মুসার কাছে বড় শান্তির বিষয়। -এনবিসিনিউজ।