জয়দেবপুরে অপহূত শিশু ভুরুঙ্গামারীতে উদ্ধার

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৩৯
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে গাজীপুরের কোনাবাড়ির ছালামের পুত্র অপহূত শিশু শারজাত হোসেন প্রান্তকে (৭) উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুর ইসলাম গাজীপুর কোনাবাড়ির আমবাগ এলাকা থেকে গত ২০ এপ্রিল বিস্কুট ও আরসি কোলা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু প্রান্তকে অপহরণ করে। পরের দিন মোবাইল ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুইদিনের মধ্যে টাকা না পেলে শিশুটিকে হত্যা বা গুম করা হবে বলে অপহরণকারী নুর ইসলাম হুমকি দেয়। ভুরুঙ্গামারী থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, মোবাইল ফোনের সূত্র ধরে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর কোনাবাড়ী থানায় অপহরণের একটি মামলা রয়েছে। শিশু প্রান্ত ও অপহরণকারীকে গাজীপুরের কোনাবাড়ি থানায় প্রেরণ করা হয়।