বেনাপোলে ৫শ’ টেলিফোন লাইন ২ বছর ধরে বিকল

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪০
স্থলবন্দর বেনাপোল প্রধান সড়কের দু’পাশে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে পৌরসভার ড্রেন ও ফুটপাত নির্মাণে খোঁড়াখুঁড়িতে বিটিসিএল’র ৫শ’ ডিজিটাল টেলিফোন লাইন ২ বছর ধরে বিকল রয়েছে। ফলে ব্যাংক, বীমা, কাস্টমস, বিজিবি, সিএন্ডএফ এজেন্টসহ টিএন্ডটি গ্রাহকরা পড়েছেন চরম বিপাকে। সরকারি, বেসরকারি অফিস ও বিভিন্ন প্রতিষ্ঠানে অফিসিয়াল কাজকর্ম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। সংযোগ বিকল থাকলেও গুণতে হচ্ছে ভৌতিক বিল। সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আমদানি-রফতানি বাণিজ্যে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ঢাকা, যশোর, খুলনা, চট্টগ্রামসহ দেশব্যাপী টেলি যোগাযোগে আমদানি-রফতানি বাণিজ্যে সৃষ্টি হয়েছে নানা প্রতিবন্ধকতার। সংযোগ বিচ্ছিন্ন নিয়ে পৌরসভা ও বিটিসিএল কর্তৃপক্ষের মধ্যে মতন্যৈকের সৃষ্টি হয়েছে। জানা যায়, বেনাপোল পৌর এলাকার ময়লা পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণে প্রথম দফায় গত বছরে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ৩৬৭টি সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। আগের বিচ্ছিন্ন হওয়া লাইন সংযোগে এখনও উদ্যোগ নেয়া হয়নি। কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান বলেন, জনস্বার্থে পৌরসভার উন্নয়ন কাজ ফুটপাত ও ড্রেন নির্মাণ করতে গিয়ে বিটিসিএলের কিছু লাইন বিচ্ছিন্ন হতে পারে। এ জন্য আমরা টেলিফোন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু টিএন্ডটি কর্তৃপক্ষ বছরের পর বছর এটি মেরামতের কোন উদ্যোগ নিচ্ছে না। এ ব্যাপারে শার্শা উপজেলা বিটিসিএল এর উপ-সহকারী প্রকৌশলী (ফোনস) আসাদুজ্জামান আসাদ বলেন, উপজেলায় ২ হাজার বিটিসিএলের ডিজিটাল টেলিফোন সংযোগ আছে। বেনাপোলে ৩৭১টি সংযোগ দীর্ঘ ২ বছর বিচ্ছিন্ন রয়েছে। আবার নতুন করে খোঁড়াখুঁড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক লাইন বিচ্ছিন্ন রয়েছে।