মিনিটে মিনিটে বিদ্যুতের আসা যাওয়া

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৪৮
সখীপুরে সেচ দেয়া প্রায় বন্ধ জেলার সখীপুরে বিদ্যুত্ বিভ্রাট চরম আকার ধারণ করেছে। মিনিটে মিনিটে বিদ্যুতের এই আসা-যাওয়ার কারণে চলতি ইরি-বোরো ক্ষেতে সেচ প্রায় বন্ধ হয়ে গেছে। লোডশেডিংয়ের নামে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এছাড়া রয়েছে লো-ভোল্টেজের সমস্যা। সরেজমিনে জানা যায়, সখীপুর উপজেলায় পিডিবি’র গ্রাহকদের চাহিদার তুলনায় বিদ্যুত্ সরবরাহ কম থাকায় দীর্ঘদিন ধরে সখীপুর পল্লী বিদ্যুত্ সাব-স্টেশন কেন্দ্র থেকে ধার করা বিদ্যুত্ দিয়ে ১৮টি গ্রামের প্রায় ১০ হাজার গ্রাহককে বিদ্যুত্ সরবরাহ করা হচ্ছে। এসব এলাকায় প্রায় ২শ’ গভীর নলকূপ, ৫০টি রাইচ মিলসহ প্রায় ২ হাজার পোলট্রি খামার রয়েছে। বিদ্যুত্ বিভ্রাটে সেচের অভাবে এসব এলাকার ইরি-বোরো চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে এসব এলাকার প্রায় ২ হাজার পোলট্রি খামার মালিক এই তীব্র গরমে তাদের খামারের মুরগী নিয়ে বিপাকে পড়েছে। এদিকে গত শনিবার সন্ধ্যায় গ্রাহকরা উপজেলার প্রতিমা বংকী সাব-স্টেশন কেন্দ্রে এসে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেন। আবার একইভাবে বিদ্যুত্ বিভ্রাট হলে রবিবার সকালে আবারও গ্রাহকরা সাব-স্টেশন কেন্দ্রে জড়ো হয়।