সাশ্রয়ী মূল্যে ভয়েস কল ও ইন্টারনেট সেবা
দুই হাজার ৭২ কোটি ৫৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে ডিজিটাল বাংলাদেশের জন্য এনজিএনভিত্তিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ১ হাজার ৮শ ৬৩ কোটি ১৫ লাখ টাকার এ প্রকল্পে সরকারি অর্থায়ন ৪শ ৭ কোটি ৯৪ লাখ টাকা। বাকি ১ হাজার ৪শ ৫৩ কোটি ২১ লাখ টাকা চীন সরকার প্রকল্প সাহায্য আকারে দেবে। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে মার্চ ২০১৪ থেকে জুন ২০১৭ পর্যন্ত। সমগ্র বাংলাদেশে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। মঙ্গলবার আগারগাঁওস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভা শেষে জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়নের মধ্যদিয়ে বিটিসিএল ভয়েসকল ছাড়াও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানের জন্য বিদ্যমান এক্সচেঞ্জগুলোতে স্থাপিত কম ক্ষমতাসম্পন্ন পুরানো ট্রান্সমিশন যন্ত্রপাতি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া বেইজড ট্রান্সমিশন যন্ত্রপাতি দ্বারা প্রতিস্থাপিত করবে। এজন্য বিটিসিএল বিদ্যমান কপার বেইজড মূল টেলিফোন নেটওয়ার্ক উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক দ্বারা প্রতিস্থাপন করবে। সভায় জানানো হয় এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের গ্রামাঞ্চল পর্যন্ত ইন্টারনেট সংযোগ স্থাপিত হবে। এর ফলে জাতীয় পর্যায়ে নেটওয়ার্ক তৈরি করে সব সরকারি প্রতিষ্ঠানকে সংযুক্ত করা যাবে এবং ইন্টারনেট টেলিফোন ও ভিডিও কনফারেন্সিং চালুর সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে সব প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সংযোগ প্রদানও সম্ভব হবে। এ প্রকল্পের আওতায় ৭ লাখ সংযোগ ক্ষমতাসম্পন্ন ঢাকায় ১টি ইন্টারনেট প্রটোকল মাল্টিমিডিয়া সাবসিস্টেম (আইএসএস) প্লাটফর্ম স্থাপন করা হবে। এর অতিরিক্ত হিসেবে চট্টগ্রামে একই ক্ষমতাসম্পন্ন আরো ১টি আইএসএস প্লাটফর্ম স্থাপিত হবে।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, মোট ২ হাজার ৭২ কোটি ৫৩ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ৬১৯ কোটি ৩২ লাখ টাকা, প্রকল্প সাহায্য ১ হাজার ৪শ ৫৩ কোটি ২১ লাখ টাকা। ৫টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৪টি বাকি ১টি সংশোধিত প্রকল্প। ৩টি প্রকল্প সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়িত হবে।
দেশে ক্যান্সারে আক্রান্ত রোগীদের উন্নত চিকিত্সা সেবা দেয়ার লক্ষ্যে সরকারি-বেসরকারি সহায়তায় ঢাকা আহসানিয়া মিশন ঢাকার অদূরে আশুলিয়ায় একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করেছে। এই ক্যান্সার হাসপাতালের জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করার লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি প্রকল্প একনেকে অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পে সরকার ৬০ কোটি টাকা দেবে বাকি ৪০ কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল থেকে দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা আহসানিয়া মিশন যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে ‘লাকসাম (দৌলতগঞ্জ)-নাঙ্গলকোট-কোদালিয়া-ঢালুয়া-চিত্তরা বাজার সড়ক উন্নয়ন’ শীর্ষক ৪৯ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত নেয়া হয় এ প্রকল্পটি প্রয়াত সংসদ সদস্য জয়নাল আবেদীন ভুঁইয়ার নামে নামকরণ করা হবে এবং সড়কটিও প্রয়াত এই সংসদ সদস্যের নামেই করা হবে। ঢাকা এবং চট্টগ্রামের সাথে কুমিল্লা জেলার লাকসাম, নাঙ্গলকোট এবং চৌদ্দগ্রাম উপজেলার উন্নততর ও নিরাপদ সড়ক যোগাযোগ স্থাপনের জন্যই এ প্রকল্পটি হাতে নেয়া হয়।
‘হাওর অঞ্চলে মত্স্য অবতরণ কেন্দ্র স্থাপন’ ও ‘হাওর অঞ্চলে মত্স্য চাষ ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)’ শীর্ষক ৬৪ কোটি ৪৩ লাখ এবং ৩৭ কোটি ২৬ লাখ টাকার পৃথক দুটি প্রকল্প একনেকে অনুমোদন করা হয়।
