নাম পরিবর্তনে রুল জারি
ব্রিটানিয়া হোল্ডিংস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে এর নাম থেকে ‘ব্রিটানিয়া’ শব্দ বাদ না দেয়া পর্যন্ত সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির ডিভিশন বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ আদেশ দেন। আদেশ প্রদানের তারিখ হতে পরবর্তী ৩ মাসের জন্য এ নিষেধাজ্ঞা বলবত্ থাকবে বলে আদেশে বলা হয়। এছাড়া কেন ব্রিটানিয়া হোল্ডিংস এন্ড ম্যানেজমেন্ট লিমিটেড -এর নাম পরিবর্তন করা হবে না মর্মে রুল জারি করে আদালত।
হাইকোর্টে দায়েরকৃত রিটে বলা হয়, ব্রিটানিয়া প্রপার্টিজ লিমিটেড ও ব্রিটানিয়া ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানি দুইটির অংশীদারদের বঞ্চিত করে, ব্রিটানিয়া প্রপার্টিজ লিমিটেড-এর ব্র্যান্ড, লোগো, ঠিকানা, সুনাম ও লোকবল ব্যবহার, ব্রিটানিয়া প্রপার্টিজ লিমিটেড ও ব্রিটানিয়া ডেভেলপমেন্ট লিমিটেড-এর প্রজেক্ট নিজেদের নামে সরিয়ে নিয়ে, বেনামে বাজার দরের অর্ধেকেরও কম দামে কোম্পানির ফ্ল্যাট ক্রয় করে ব্রিটানিয়া হোল্ডিংস এন্ড ম্যানেজমেন্ট লিমিটেড জনসাধারণকে প্রতারিত করছে।
