স্পোর্টস রিপোর্টার
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান মাইকেল স্ল্যাটার বিশ্বকাপে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন চ্যানেল নাইনের সঙ্গে। আইসিসি নিশ্চিত করেছে, কয়েকদিন আগে প্লেনে অপ্রীতিকর ঘটনার পরও ৩০ মে শুরু হতে চলা বিশ্বকাপে চ্যানেল নাইনের ধারাভাষ্যকার প্যানেলে থাকছেন স্ল্যাটার।
গত রোববার প্লেনে দুই নারী বন্ধুর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। পরে পরিবেশ নষ্ট করায় তাকে প্লেন থেকেই নামিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ! ওই দিন কান্টাস ফ্লাইটে করে সিডনি থেকে নিজের শহর ওয়াগা ওয়াগায় যাচ্ছিলেন সাবেক এই ওপেনার। তার বিরুদ্ধে অভিযোগ ছিল দুই নারী বন্ধুর সঙ্গে তর্কে জড়িয়ে উত্তেজক পরিস্থিতি তৈরি করেছিলেন। পরিবেশ নষ্ট হওয়ায় স্ল্যাটারকে প্লেন থেকে নেমে যেতে বলেছিল কান্টাস এয়ারলাইনের নিরাপত্তাকর্মীরা।
পরে অবশ্য নিজের কৃতকর্মের জন্য স্ল্যাটার ক্ষমাও চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘ফ্লাইটে যাত্রীদের মাঝে অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার জন্য ক্ষমা চাইছি।’
স্ল্যাটারকেও চ্যানেল নাইনের পক্ষ থেকে তার আচরণের বিষয়ে সতর্ক করা হয়েছে। নাইনের মাধ্যমেই আবার অস্ট্রেলিয়ার টিভিতে ফিরছেন তিনি। এর আগে ফক্স স্পোর্টসে কাজ করেছেন তিনি। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম নয়টি ম্যাচ, সেমিফাইনাল, ফাইনাল সম্প্রচারের স্বত্ব পেয়েছে চ্যানেল নাইন।
