স্পোর্টস রিপোর্টার
আসন্ন বিশ্বকাপে স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে রাখতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপ চলাকালীন সরফরাজ আহমেদ-শোয়েব মালিকদের পরিবার ইংল্যান্ডে থাকতে পারবে, তবে নিজস্ব ব্যবস্থায় থাকতে হবে। টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে না কেউ।
বিশ্বকাপে ক্রিকেটারদের জন্য নতুন এই নিয়ম করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেটারদের ফোকাস রাখতে, পরিবারের কারণে যেন মনোযোগে বিঘ্ন না ঘটে তাই এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। শুধু হারিস সোহেল বিশেষ বিবেচনায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের সময় স্ত্রী ও পরিবারকে সাথে রাখতে পেরেছিলেন। যদিও তখনই টিম ম্যানেজার সবাইকে নতুন নিয়মের কথা জানিয়ে দিয়েছেন।
যদিও অতীতে পাকিস্তানের ক্রিকেটাররা নিজের রুমে স্ত্রীকে রাখার অনুমতি পেয়েছেন অনেকবার। বিশেষ করে দেশের বাইরে সিরিজের সময়। আগামী ৩১ মে নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ মিশন। দুই বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা পাকিস্তান এবার বিশ্বকাপে সাত ভেন্যুতে নয়টি ম্যাচ খেলবে। অবশ্য শেষ ১০ ওয়ানডেতে হারের তিক্ত স্মৃতি এবার সরফরাজদের সঙ্গী হচ্ছে বিশ্বকাপে।
