প্রচণ্ড গরমে স্বাস্থ্য সমস্যার পাশাপাশি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকে। সাধারণত প্রচণ্ড তাপদাহে শরীরের তাপমাত্রা আকস্মিক বেড়ে গিয়ে হিটস্ট্রোক হয়। অনেক ক্ষেত্রে জীবন বিপন্ন পর্যন্ত হতে পারে। তাই যাদের তাপদাহে কাজ করতে হয় তাদের সতর্ক থাকতে হবে।
মাথায় কাপড় বেঁধে নিতে পারেন। এছাড়া প্রচুর পানি পান করতে হবে। কারণ প্রচণ্ড গরমের কারণে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে শরীরে পানি শূন্যতার সৃষ্টি হতে পারে। এ সময় শরীর দুর্বল ও অস্বস্তি লাগে এবং পিপাসা বেড়ে যায়। যাদের হিটস্ট্রোক হয় তাদের শরীরের ঘাম পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য উপসর্গও দেখা দিতে পারে। তাই হিটস্ট্রোকের জন্য ঝুঁকিপূর্ণ যারা তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এবং প্রচুর পানি পান করতে হবে। সম্ভব হলে ডাবের পানি, খাবার স্যালাইন পান করা যেতে পারে।
প্রচণ্ড গরমের সময় গরম খাবার, গরম চা-কফি পরিহার করা এবং গরম পানি দিয়ে গোসল পরিহার করা উচিত। কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত নিকটস্থ চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত। তার আগে রোগীকে শীতল স্থানে রাখা ভালো এবং খোলা জায়গায় বা ফ্যানের নিচে রাখা উচিত। সম্ভব হলে কোল্ড স্পঞ্জিং করা যেতে পারে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
