দুদকে রুহুল আমিন হাওলাদারের হলফনামা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২৩:৩০
জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের হলফনামার তথ্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসির সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ হিসাব দুদকের সহকারী পরিচালক হামিদুর রহমানের কাছে পাঠানো হয়। দুদক সূত্র জানায়, ‘পটুয়াখালী-১ আসনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে হলফনামার সত্যায়িত কপিটি দুদকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘আমরা ইসির কাছে রুহুল আমিন হাওলাদার এর হলফনামা চেয়েছি। এর পরিপ্রেক্ষিতে ইসি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ওই হলফনামা দুদকে সরবরাহের নির্দেশ দিয়েছে। যার অনুলিপি কমিশনে পৌঁছেছে। এর আগে ২১ এপ্রিল ইসির কাছে এ হলফনামা চেয়ে চিঠি পাঠায় দুদক। দুদক সূত্র জানায়, হলফনামার বাইরেও রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। নবম সংসদ নির্বাচনের আগে রুহুল আমিন হাওলাদারের টাকা ছিল ১৭ লাখ ৬৮ হাজারের কিছু বেশি। পাঁচ বছর পর এসে এখন তার নিজের নামে নগদ টাকাই আছে ৬ কোটি ৬৬ লাখের বেশি। গতবার তার কোনো শেয়ার বা বন্ড ছিল না। এবার ৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার, দুটি ল্যান্ডক্রুজার গাড়ি ও প্লটসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পদ বেড়েছে স্বামী স্ত্রীর।