নীহারিকা মহাকাশের অদেখা বস্তুগুলোর মধ্যে একটি। এটা খুব কমই চোখে পড়ে। ‘ফ্রাইড এগ নেবুলা’ বা পোচ করা ডিমের মতো দেখতে একটি নীহারিকা এতদিন জ্যোর্তিবিদদের ভাবিয়েছে। সম্প্রতি প্রথমবারের মতো উজ্জ্বল এ নক্ষত্রটির ছবি তুলতে সক্ষম হয়েছেন তারা। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরির গবেষকরা ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) ব্যবহার করে দ্বিস্তরবিশিষ্ট ধুলার খোলসযুক্ত বিশাল এ নীহারিকাটির ছবি তুলেছেন। গবেষকরা বলছেন, এ নীহারিকাটি দেখতে ভাজা ডিমের মতো, যার মাঝের রং হলুদাভ এবং চারপাশে বিশাল ধুলার স্তর। আর এ রকম গঠনের কারণেই নীহারিকাটির নাম হয়েছে ‘ফ্রাইড এগ নেবুলা’। আমাদের সূর্যের তুলনায় হাজার গুণ বড় এ নীহারিকাটিকে জ্যোর্তিবিদরা বলেন ‘আইআরএএস ১৭১৬৩-৩৯০৭’। এ নক্ষত্রটি সূর্যের চেয়েও ৫ লাখ গুণ বেশি উজ্জ্বল। নীহারিকাটি পৃথিবী থেকে ১৩ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। গবেষকরা জানিয়েছেন, ‘ইয়েলো হাইপারজায়ান্ট’ বা হলুদাভ নক্ষত্রগুলো তাদের গঠনের শুরুতে উদ্বায়ী থাকে। তারপর বিস্ফোরণ পর্যায় শেষ করে কয়েক শ বছরের মধ্যে আমাদের সূর্যের চেয়েও চারগুণ বেশি ভর বিশিষ্ট কেন্দ্র তৈরি করে। বিস্ফোরণের ফলে একাধিক খোলস তৈরি হয়ে যায়। এ খোলসগুলো বিস্ফোরণের ফলে সৃষ্ট গ্যাস এবং ধুলা সৃষ্টি হয়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স সাময়িকীতে। ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের গবেষক অ্যালবার্ট জিলস্ট্রা জানিয়েছেন, ‘ইনফ্রারেড আকাশে এ রকম উজ্জ্বল তারা আগে কখনও দৃষ্টিগোচর হয়নি। এবারই প্রথম এ রকম দুর্লভ ঘটনা আমাদের নজরে এসেছে। যখন কোনো নক্ষত্র এর বহিঃআবরণ
ছড়িয়ে দেয় তখনই এটি সুপারনোভার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি
নিতে থাকে।’
