গ্যালাটিক সুপারনোভা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ১৮:৩৩
মহাকাশ নিয়ে মানুষদের কৌতূহলের শেষ নেই। আর এ কারণে গবেষকরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন এই অজানাকে জানার জন্য। আর সেই লক্ষ্যে সুপারনোভা নিয়ে গবেষণা আজকের নতুন কোনো ঘটনা নয়। তবে সম্প্রতি সুইডেনের গবেষকরা এমন একটি গ্যালাক্সির সন্ধান পেয়েছেন যেখানে অহরহ তৈরি হচ্ছে সুপারনোভা। এটা অবশ্যই নতুন তথ্য। এ গ্যালাক্সিটির সুপারনোভা তৈরির প্রক্রিয়া দেখে গবেষকরা, বলছেন এটি যেন গ্যালাক্সি নয়, সুপারনোভা ফ্যাক্টরি! গবেষকরা বলছেন, পৃথিবী থেকে প্রায় ২৫ কোটি আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সিতে এ ‘সুপারনোভা ফ্যাক্টরিটি’র অবস্থান। চালমার্স এবং আনসালা স্পেস অবজারভেটরি’র জ্যোর্তিবিদরা একটি গ্যালাক্সিতে একসঙ্গে ৭টি সুপারনোভা আবিষ্কারের পর একে সুপারনোভার ফ্যাক্টরি বলছেন। গবেষকরা বলছেন, একটি গ্যালাক্সিতে এর আগে একই সময়ে আর এত বেশি সুপারনোভা আগে কখনোই দেখা যায়নি। ‘গ্যালাক্সি এআরপি ২২০’ নামের এ গ্যালাক্সির কেন্দ্রে ৪০টি রেডিও তরঙ্গ উত্স খুঁজে পেয়েছেন গবেষকরা। এসব তরঙ্গের উত্স পাতলা গ্যাস এবং ধুলাস্তরের আড়ালে ঢাকা রয়েছে। এসব তরঙ্গ উত্স বিশ্লেষণ করেই ‘সুপারনোভার ফ্যাক্টরি’ আবিষ্কারের দাবি করেছেন গবেষকরা। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি-এর জ্যোতির্বিদ রোদ্রিগো পারা জানিয়েছেন, এআরপি ২২০-তে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে অনেক বেশি সুপারনোভা তৈরি হয়। আমাদের মিল্কিওয়েতে শতবর্ষে যেখানে একটি নক্ষত্রের বিস্ফোরণ ঘটে সেখানে এআরপি ২২০-তে প্রতি ২৫ বছরেই একটি ঘটনা ঘটে। এ পর্যবেক্ষণের বিস্তারিত প্রকাশিত হয় ‘অ্যাস্ট্রোফিজিক্যাল’ সাময়িকীতে। শুধু তাই নয়, মহাকাশ নিয়ে গবেষণার পর্ব হিসেবে প্রায় প্রতি মাসেই কোনো না কোনো বিষয় নিয়ে এই পত্রিকায় ফিচার করা হয়। সেগুলোর মধ্যে জনপ্রিয়তা পায় গ্যালাকটিক সুপারনোভা। সায়েন্সফিকশন চলচ্চিত্রেও এই সুপারনোভা বিষয়টি নিয়ে আসা হয়েছে অনেকবারই।