আইজিপি হাসান মাহমুদ খন্দকার দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও দুর্বৃত্তদের দমনে পেশাদারিত্ব বজায় রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান। শুক্রবার সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স মেট্রোপলিন শ্যুটিং ক্লাব সংলগ্ন মাঠে বাংলাদেশ পুলিশের চট্টগ্রামস্থ সকল ইউনিটের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি।
বিগত সময়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের সাহসী ভূমিকার প্রশংসা করে আইজিপি বলেন, গত বছর দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পেশাদার সদস্যরা চরম ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের অকুতোভয় পুলিশ সদস্যগণ নিজেদের জীবন উত্সর্গ করেছেন। তাদের এ মহান আত্মত্যাগ ভবিষ্যতে দায়িত্ব পালনে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে ও উজ্জীবিত করবে। তিনি নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সভায় উপস্থিত পুলিশ সদস্যগণ পুলিশের আবাসন সমস্যা, বিভাগীয় হাসপাতালে চিকিত্সকের সংকট, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট, বদলি সংক্রান্ত সমস্যা, এসআইদের বেতন বৈষম্য নিরসনসহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইন্সপেক্টর জেনারেলকে অনুরোধ জানান। আইজিপি পুলিশ সদস্যদের সমস্যা সমাধানে সম্ভাব্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদেরকে আশ্বাস প্রদান করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ নওশের আলী বিশেষ অতিথি ছিলেন। চট্টগ্রামস্থ জেলা পুলিশ, সিআইডি, এপিবিএন, আরআরএফ, শিল্প পুলিশ, রেলওয়ে পুলিশ এবং র্যাব সদস্যগণ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।
