তিস্তাসহ সব সমস্যার সমাধান হবে :কাদের

আপডেট : ২৪ মে ২০১৯, ২২:৩৮

খালেদাকে মেরে ফেলার

 মতো অমানবিক কাজ

সরকার করবে না

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধিক শক্তিশালী হয়ে ফের ক্ষমতায় এসেছেন। আমরা আশা করব এবার তিস্তা সমস্যাসহ দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হবে। গতকাল শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদি সরকারের আমলে দুই দেশের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে। এবার তিস্তা চুক্তিসহ অমীমাংসিত বিষয় যেগুলো রয়েছে, সেগুলোর সমাধানের প্রক্রিয়াটা আরো দ্রুত হবে। খালেদা জিয়ার চিকিত্সা-সংক্রান্ত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়া আইনগত কারণে কারাগারে রয়েছেন। তাকে বিনা চিকিত্সায় মেরে ফেলতে হবে— এ ধরনের অমানবিক ও নিষ্ঠুর কাজ আওয়ামী লীগ সরকার করবে না। শেখ হাসিনার সরকার অমানবিক নয়। সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ঈদের পরে সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে ৮টি টিম মাঠে নামবে। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সম্মেলনের মাধ্যমে শক্তিশালী করে গড়ে তুলবে। দলের কাউন্সিল ঘিরে সুবিধাবাদীদের অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, সুযোগসন্ধানীরা চিরদিন এটা করে থাকে। আমাদের দলের সিদ্ধান্ত পরিষ্কার—পরীক্ষিত, ত্যাগী নেতা-কর্মীদের তৃণমূল থেকে নেতৃত্বে আনা হবে। কোনোখানে কোনো সুযোগসন্ধানীর স্থান হবে না। সম্মেলনের মাধ্যমে দলে অনুপ্রবেশকারীদের ঢোকার সুযোগ থাকবে না। যারা পরীক্ষিত সৈনিক দীর্ঘদিন ধরে দলে কাজ করছে তারাই নেতা হওয়ার সুযোগ পাবেন। এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, বিএম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।