নারায়ণগঞ্জে যুবলীগ কর্মী গুমের ঘটনায় মামলা

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৫১
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইউসুফ হোসেন নামে এক যুবলীগ নেতা গুমের ঘটনায় মামলা হয়েছে। ইউসুফের স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত ৮ জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন। ইউসুফ স্থানীয় যুবলীগের রাজনীতিতে জড়িত থাকলেও তার কোন পদ ছিল না। যুবলীগের রাজনীতির পাশাপাশি সে ইট-বালুর ব্যবসা করতো। ইউসুফ ফতুল্লার নবীনগর এলাকার মৃত জালাল বেপারীর ছেলে। তাসলিমা বেগম মামলায় উল্লেখ করেন, তার স্বামী ইউসুফ একজন ইট-বালু ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তার স্বামীর সাথে স্থানীয়ভাবে কারো শত্রুতা ছিল না। ব্যবসায়িকভাবে এলাকার শ্রমিক লীগের নামধারী জনৈক এক নেতার সাথে একটু বিরোধ ছিল। সেই সূত্র ধরে তার স্বামীর অপহরণের পিছনে উক্ত শ্রমিক লীগ নেতার হাত থাকতে পারে বলে ধারণা করছি। গত ১৩ এপ্রিল রাত সাড়ে ১২টায় সাদা পোশাকে একটি দল বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ির ভিতরে প্রবেশ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার স্বামীকে অপহরণ করে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই ওয়াহিদুজ্জামান জানান, ইউসুফ অপহরণের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।