পুত্র বটে :পিতার লাশ আটকে লিখে নিলো বোনের সম্পত্তি

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৫১
রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় পিতার লাশ ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে বোনের অংশের জমি লিখে নিয়েছে এক পাষণ্ড ভাই। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। হতভাগ্য বোন উপজেলার ধানগড়া সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে ভাইকে জমি লিখে দিয়ে পিতার লাশ অবমুক্ত করেন। ততক্ষণে প্রচণ্ড গরমে ২দিন আগের লাশ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। উপজেলার সলঙ্গা থানার বোয়ালিয়ারচর গ্রামে ঘটনাটি ঘটে। ঐ গ্রামের মৃত করম আলীর পুত্র মজিবর রহমান খাঁর ছেলে মানছুর রহমান খাঁ বিপত্নীক পিতাকে ঠিকমত ভরণ-পোষণ দিত না। বৃদ্ধ অসুস্থ পিতার কষ্ট সহ্য করতে না পেরে ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কর্মরত মেয়ে মর্জিনা খাতুন প্রায় ৬ মাস আগে পিতাকে নিজের কাছে নিয়ে যায়। সেখানে মেয়ের পরিচর্যায় চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মজিবর খাঁ মারা যান। পিতার শেষ ইচ্ছা অনুযায়ী মর্জিনা স্বামীকে সাথে নিয়ে গ্রামের বাড়িতে পিতার লাশ দাফনের জন্য আসে। ভাই মানছুর মর্জিনা ও তার স্বামী আকতার হোসেনকে লাশসহ ঘরে আটকে রাখে। এরপর গ্রামবাসীকে ডেকে সে অভিযোগ করে বোন ও ভগ্নিপতি তার পিতাকে মেরে ফেলেছে। বিচার না হওয়া পর্যন্ত পিতার লাশ সে দাফন করতে দিবে না। এব্যাপারে বুধবার সকালে মঙ্গল খাঁর বাড়িতে সালিশী বৈঠক বসে। শেষ পর্যন্ত বৈঠকে সিদ্ধান্ত হয় পিতার সম্পত্তির প্রাপ্ত অংশ ১৫ শতক জমি মর্জিনা তার ভাই মানছুরকে রেজিস্ট্রি করে দিবে। পরে তার লাশ দাফন হবে।