শুক্রবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সড়ক দুর্ঘটনায় আফজাল খান (৫৮) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। এদিকে দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মেহেদী হাসান নামে সাত বছরের এক শিশু।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক শাহ জাহাঙ্গীর আলম জানান, সকাল সাড়ে ১০টার দিকে নাবিস্কো এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে একটি প্রাইভেট কার আফজাল খানকে ধাক্কা দেয়। তিনি রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত আফজালকে প্রথমে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার ?অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিত্সাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ী প্রাইভেট কার ও এর চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে নিহতের পরিবার।
এদিকে শুক্রবার সকালে দারুস সালামের দ্বীপনগর এলাকায় গাড়ির ধাক্কায় মেহেদী হাসান নামের এক শিশু নিহত হয়েছে। দারুস সালাম থানা পুলিশ জানায়, দ্বীপনগর এলাকার হোসেনের বস্তির সামনে সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই বস্তিরই বাসিন্দা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
