হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮টি সোনার বারসহ (তিন কেজি ২৬৫ গ্রাম) মো. বাহার নামক এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক বাহারের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মো. বাহার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ফ্লাইট থেকে নামার পর মালামাল নিয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় বাহারের গতিবিধি শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হয়।
পরে তাকে তল্লাশি করে জুতা ও শরীরের ভিতরে লুকিয়ে রাখা উল্লিখিত সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
