রানা প্লাজা তহবিলের ১০৬ কোটি টাকা কেন দেয়া হচ্ছে না

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২২:৩৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ভারতের সঙ্গে আমাদের কোন শক্রতা নেই। ভারতের কংগ্রেস সরকার বাংলাদেশে বর্তমান আওয়াম লীগ সরকারকে সমর্থন করলেও সেদেশের জনগণ এ সরকারকে সমর্থন করে না। এটা তাদের বোঝা উচিত। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট পেশাগত উন্নয়ন ও পেশাজীবী আন্দোলনে মরহুম হযরত আলীর ভূমিকা শীর্ষক এ সভার আয়োজন করে। রানা প্লাজা ধসের কথা উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ১১৩৫ জনের মৃত্যু বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। এখনো তাদের পরিবার সঠিক ক্ষতিপূরণ পায়নি। সরকারের তহবিলে জমা ১২৮ কোটি টাকার মধ্যে মাত্র ২২ কোটি টাকা বিতরণ হয়েছে। বাকি ১০৬ কোটি টাকা কেন দেয়া হচ্ছে না ? এ টাকার হিসাব জনগণকে দিতে হবে। বর্তমান সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিরোধী দলের কোন ভূমিকা নেই। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি একেএম মুসা লিটনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ড্যাবের আহবায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, জেসমিন আক্তার প্রমুখ।