বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘সাম্রাজ্যবাদ ও মৌলবাদ আমাদের সকল অর্জনকে ধ্বংস করতে চলেছে। তারা গ্রামের সহজ সরল মানুষকে ধর্মের দোহাই দিয়ে সহজেই প্রভাবিত করছে। সম্প্রতি উপজেলা নির্বাচনের ফলাফলে তার ইঙ্গিত পাওয়া যায়। তাই অসাম্প্রদায়িক চেতনায় মৌলবাদ ও সাম্রাজ্যবাদ প্রতিহত করতে হবে।’
রাজশাহীতে পার্টির ৯ম কংগ্রেসের দ্বিতীয় দিন শুক্রবার বিকালে রাজশাহী পর্যটন মোটেলে অনুষ্ঠিত ‘সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ, মৌলবাদী হুমকি : প্রেক্ষিত-দক্ষিণ এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত দাস।
এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, দলের পলিটব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন, ভারতের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড এস রামচন্দ্র পিল্লাই প্রমুখ ।
আগামীকাল পর্যন্ত চলবে এ কংগ্রেস।
