নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ানে প্লউমেন বলেছেন, গত এক বছরে গার্মেন্টস কারখানার কর্মপরিবেশ উন্নয়নে বেশকিছু বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে আরো অনেক কাজ করতে হবে। নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
ডাচ মন্ত্রী বলেন, রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের আন্তর্জাতিক কোম্পানির তহবিল প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি। আগামী মে মাসের শেষদিকে তার বাংলাদেশ সফরের কথা রয়েছে। ঐ সফরে এ বিষয়ে সহায়তার জন্য আরো আলোচনা করার আগ্রহ দেখিয়েছেন তিনি। এছাড়া গত জানুয়ারির নির্বাচনের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোয় ডাচ মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী প্লউমেন গত বছরের জুনে বাংলাদেশ সফর করেছিলেন।
