সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শুক্রবার এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ জামায়াত কর্মীর নাম কবীর আহম্মেদ সরদার। সে আশাশুনি উপজেলার বাকড়া গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে। তবে হাসপাতালে চিকিত্সাধীন কবির আহম্মেদ জানান, পুলিশ বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা শহরের হালিমা হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করে রাতে মহেশ্বরকাটি এলাকায় চোখ বেঁধে নিয়ে তার পায়ে গুলি করে।
আশাশুনি থানার ওসি আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতকর্মী কবিরকে বৃহস্পতিবার রাতে বাকড়া এলাকা থেকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে অভিযান চলাকালে শুক্রবার ভোরে উপজেলার মহেশ্বরকাটি এলাকায় জামায়াত-শিবির কর্মীরা তাকে ছাড়িয়ে নেয়ার জন্য পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে ৯ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ হয় জামায়াত কর্মী কবির। পরে পুলিশ তাকে সেখান থেকে আটক করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরো জানান, আটক কবির আহম্মদের বিরুদ্ধে থানায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরসহ একাধিক মামলা রয়েছে।
