কানাডা থেকে সার আমদানি হবে

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১৪
দুই পক্ষের মধ্যে চুক্তি কানাডা থেকে ৪ কোটি ডলারের পটাশ সার আমদানি করবে সরকার। এ লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের পক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো. জহির উদ্দীন এবং কানাডা সরকারের পক্ষে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) প্রেসিডেন্ট মার্টিন জবলকি স্বাক্ষর করেন। এসময় কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী এডওয়ার্ড ফাস্ট উপস্থিত ছিলেন। কানাডার হাইকমিশনের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ক্যানপোটেক্স লিমিটেডের মাধ্যমে এ পটাশ সার সরবরাহ করা হবে। প্রয়োজনে আরো ২ কোটি ডলারের পটাশ সার সরবরাহের সুযোগ রাখা হয়েছে চুক্তিতে। কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল এসময় উপস্থিত ছিলেন। বিশ্বের চাহিদার প্রায় ৩০ ভাগ পটাশ সার সরবরাহ করে কানাডা। ২০১৩ সালে বিশ্বব্যাপী ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের পটাশ সার রফতানি করেছে কানাডা। সার সরবরাহের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রডেন সার ক্রয়ে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন, এ ধরনের সহায়তা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে অবদান রাখবে। বর্তমানে কানাডার সাথে বাণিজ্যের আকার ১ দশমিক ৮ বিলিয়নে উন্নীত হয়েছে যার বাংলাদেশের অনুকূলে রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী বছরে বাণিজ্যের আকার ২ বিলিয়ন ডলারে উন্নীত হবে।