শেরে বাংলার ৫২তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২১
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালি জাতীয়তাবাদের মহান নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৩ সালের এই দিনে এ মহান নেতার মৃত্যু হয়। দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম মরহুমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান এবং পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক এ দেশের আপামর জনগণের এক প্রিয় নেতা। তিনি আজীবন বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। জাতীয় এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি জেপির পক্ষ থেকে আজ রবিবার সকাল ৮টায় মরহুমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে আওয়ামী লীগ, বিএনপি, শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ, শের-ই-বাংলা পরিষদ, বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন, ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন। মরহুমের নাতি এ কে ফাইয়াজুল হক রাজু জানিয়েছেন, এ কে ফজলুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব বনানীর সি ব্লকে ৩২ নম্বর রোডে তার বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আজ বিকাল সাড়ে তিনটায় আলোচনা সভার আয়োজন করেছে শের-ই-বাংলা পরিষদ। সকাল সাড়ে ৮টায় মরহুমের মাজার প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ ও বিশ্ব বাঙালি সম্মেলন।