বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাক লাগে দেশের মানুষ এতো সহনশীল হলো কী করে? এখন আর বক্তব্য দিতে ইচ্ছে করে না। কার কাছে বলব, কোথায় বলব, কী বলব, কী বলারই বা আছে? বর্তমান সরকারের এত অত্যাচার, নিপীড়ন সহ্য করেও দেশের মানুষ কিভাবে চুপ করে থাকে? যারা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে-কেন জানি না, তারা সব দেখেও মুখ বুঁজে সহ্য করছে। গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘বর্তমান বিদ্যুত্ পরিস্থিতি : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, প্রকৌশলী গোলাম মাওলা, মমতাজ উদ্দিন, মাহফুজ আহমেদ প্রমুখ।
তিস্তার পানি নিয়ে ভারত মশকরা-তামাশা, নিচুমানের নাটক করেছে-এমন মন্তব্য করে ফখরুল বলেন, আমরা যখন লংমার্চ নিয়ে তিস্তা অভিমুখে যাচ্ছিলাম তখন পানি বাড়িয়ে দিল। আবার যখন চলে এলাম তিস্তার পানি কমতে শুরু করেছে। তিনি বলেন, তিস্তার পানি আমাদের অধিকার। লড়াই করে আমরা সেটা অর্জন করেছি।
