ওবামার এশিয়া সফরে বেজায় নাখোশ পিয়ং ইয়ং

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১১
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সফর ঘিরে ফের উত্তেজনা কোরীয় উপদ্বীপে। ২৩ থেকে ২৯ এপ্রিল এশিয়া সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট। এই কূটনৈতিক সফরকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া প্রশাসন। এমনকি উত্তর কোরীয় নেতা তার সেনাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সংঘাতের’ জন্য প্রস্তুত হতে বলেছেন। কয়েক মাস শান্ত থাকার পর ফের উত্তেজনার পারদ চড়লো কোরীয় উপদ্বীপে। উত্তর কোরিয়ার সংবাদসংস্থা ইওনহাপে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বলা যায়, ওবামার এশিয়া সফরকে আদৌ ভালো চোখে দেখছে না উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার সেনাবিভাগের এক মুখপাত্র দাবি করেছেন, দক্ষিণ কোরিয়া ও জাপানে ওবামার সফর গোটা এলাকাকে আরও বেশি করে অশান্ত করে তুলবে। গত মাসের প্রথম দিকে প্রতি বছরের মতো এবারো মার্কিন সেনা যৌথ ভাবে জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনার সঙ্গে সামরিক মহড়া দিয়েছে। এই ঘটনা উত্তর কোরিয়াকে যথেষ্ট উত্তেজিত করেছে। মার্কিন-জাপান-দক্ষিণ কোরিয়াকে শয়তানের অক্ষদণ্ড আখ্যা দিয়ে পাল্টা পাঠ শেখানোর কথা ঘোষণা করেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনও। পরের কয়েক দিন পিয়ংইয়ংয়ের নির্দেশে উত্তর কোরিয়ার বিভিন্ন কেন্দ্র থেকে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উেক্ষপণ শুরু হয়ে যায়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাপানের উপকূলরেখার বেশ কাছে এসে পড়ে। এই ঘটনায় চুপ থাকেনি টোকিও। আক্রান্ত হলে পাল্টা আক্রমণের পথ বেছে নেয়ার কথা ঘোষণা করেছে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সরকারও। ওবামার এশিয়া সফর নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি প্রকাশ করে এসেছে পিয়ংইয়ং। দেশের প্রতিরক্ষা দপ্তর থেকে অভিযোগ করা হয়েছে, দুই দেশের রাষ্ট্রনেতাদের উত্তর কোরিয়ার বিরুদ্ধে উস্কানি দিতেই এমন সফরের আয়োজন করেছেন ওবামা। অতীতে তিন বার ভূগর্ভস্থ কেন্দ্রে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র উেক্ষপণের পর জাতিসংঘ বিরক্তি প্রকাশকে উপেক্ষা করে উত্তর কোরিয়া ঘোষণা করেছিল, পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণের সম্ভাবনা যেন কেউ উড়িয়ে না দেয়।