ফেনীতে প্রবাসীর স্ত্রীকে পুড়িয়ে হত্যা

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৫
ফেনীর সোনাগাজীর চর মজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ গ্রামে ওমান প্রবাসী জসিমউদ্দিনের স্ত্রী আছমা বেগমকে শ্বশুর ও দেবর কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। গ্রামবাসীরা জানান, প্রবাসী জসিমউদ্দিন দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে নিহতের শ্বশুর আজিজুল হক এবং দেবর নাম অজ্ঞাত নিহতের পিতা-মাতার কাছে যৌতুকের দাবি করে আসছিল। তারা যৌতুক দিতে ব্যর্থ হলে তার শ্বশুর এবং দেবর প্রতিনিয়তই জসিমউদ্দিনের স্ত্রীকে মানসিক এবং শারীরিক নির্যাতন করত। রবিবার দিবাগত রাতে শ্বশুর এবং দেবর আছমা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যা করে বলে গ্রামের লোকজন জানান। এদিকে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ এ ঘটনা সম্পর্কে বলেন- প্রবাসীর স্ত্রী আছমা বেগম আগুনে পুড়ে নিহত হলেও কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো উদঘাটন করা যায়নি। তবে এই ঘটনার তদন্ত চলছে। তদন্তক্রমে আসামি গ্রেফতার করা হবে বলে তিনি জানান। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।