শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:২৬
গতকাল রবিবার যথাযথ মর্যাদায় শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন রাজধানীতে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ এবং আলোচনা সভার আয়োজন করে। জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও তাঁর পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় পার্টি-জেপি’র পক্ষ হতে গতকাল সকাল ৮টায় মরহুমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া করা হয়। এ সময় জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আবু সাঈদ খান, যুগ্ম মহাসচিব জামিলুল হক বকুল, যুগ্ম মহাসচিব ও যুব সংহতির সভাপতি এম,এ, কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, দপ্তর সম্পাদক এম, সালাহউদ্দিন আহমেদ, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম রুবেল, যুগ্ম দপ্তর সম্পাদক জীবন কৃষ্ণ বৈরাগীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ মরহুমের মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশ্ব বাঙালি সম্মেলন ও শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদের সভাপতি কবি আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন সংগঠনের মধ্যে বিএনপি, কাজী আরিফ ফাউন্ডেশন, বরিশাল বিভাগ যুব কল্যাণ সংস্থা শেরে বাংলার মাজারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে।