মোহাম্মদপুরে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ গ্রেফতার ২

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২২:২৮
রাজধানীর মোহাম্মদপুরে শনিবার সন্ধ্যায় এক গার্মেন্টস কর্মী (১৭) গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষিতাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গতকাল রবিবার এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে। ধর্ষিত কিশোরীর বড় বোন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, শনিবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, তার বোন মোহাম্মদপুরের একটি গার্মেন্টসে চাকরি করে। লোডশেডিংয়ের কারণে শনিবার তাড়াতাড়ি গার্মেন্টস ছুটি হয়ে যায়। এ সময় তার বোন বাসার উদ্দেশে গার্মেন্টস থেকে বের হয়ে কিছুদূর যাবার পরই স্থানীয় বখাটে সাগর, মনির ও বাবু তাকে আটকায়। বখাটেরা আমার বোনের মুখ চেপে ধরে পাশের একটি জায়গায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে রাত আড়াইটার দিকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, বিষয়টি জানার পর ভিকটিমের বক্তব্য জানতে মেডিক্যালে পুলিশ পাঠানো হয়েছে। গতকাল সারাদিন অভিযান চালিয়ে বেড়িবাঁধ এলাকা থেকে সাগর ও মনিরকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্ত বাবুকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।