বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য মাল্টি ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি (মিগা) বাংলাদেশে বিদ্যুত্ ও জ্বালানি খাতে সরকারি বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) বিনিয়োগে গ্যারান্টারের ভূমিকা পালন করতে আগ্রহ প্রকাশ করেছে। সফররত মিগা প্রধান কেইকো হোন্ডা, বিশ্ব ব্যাংকের এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক প্রধান ব্যানবা ফল, ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট গতকাল পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে সাক্ষাত্কালে এ আগ্রহের কথা জানান। এসময় তারা বাংলাদেশের অগ্রাধিকারমূলক প্রকল্প বিষয়ে জানতে চান।
পরিকল্পণামন্ত্রণালয়ে অনুষ্ঠিত গতকাল সন্ধ্যায় বৈঠক শেষে জানানো হয়, বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ ঝুঁকি হ্রাসে মিগা গ্যারান্টারের ভূমিকা পালন করবে। মিগা প্রধান জানান, এরই মধ্যে ঘোড়াশাল, সিদ্ধিরগঞ্জ, শাহাজীবাজারে বিদ্যুত্ প্লান্টে বেসরকারি খাতকে নিয়ে ৩৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এ বছর মিগা বিদ্যুত্ খাতে বেসরকারি খাতকে নিয়ে আরো ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ বিবেচনায় রেখেছে। বাংলাদেশ এলএনজি টার্মিনাল নির্মাণ, বিদ্যুত্ উত্পাদন, রেলওয়ে খাতসহ যোগাযোগ খাত এবং পানি ব্যবস্থাপনা ও নদী খনন প্রকল্পে বিনিয়োগকে বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইয়োহানেস জাট জানান, বিশ্ব ব্যাংক এ বছর বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। বিদ্যুত্খাতসহ যোগাযোগ খাতেও বিশ্ব ব্যাংক বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
পদ্মা সেতু নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ব ব্যাংক চায় পদ্মা সেতু স্থাপিত হোক। এতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে কেন্দ্রের যোগাযোগসহ অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারিত হবে। তিনি বলেন, বিশ্ব ব্যাংক মনে করে বাংলাদেশ ৪/৫ বছর মেয়াদে নিজস্ব অর্থায়নে এ সেতু সম্পন্ন করতে পারবে।
বৈঠকে পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের জনগণের উপর বিশ্বাস রেখে সহযোগিতা অব্যাহত রাখবে এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করতে পারব এবং এতে জাতি হিসেবে আমাদের সম্মান বাড়বে।
