দামি গাড়িতে ইয়াবা ব্যবসা

আপডেট : ২৫ মে ২০১৯, ০০:৩৮

খিলগাঁঁওয়ে একটি নিশান প্যাট্রল জিপ গাড়িসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাম—নূর মোহাম্মদ ও গাড়ি চালক মাসুদ মিয়া। দুই জনের কাছ থেকে চারশটি ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে খিলগাঁওয়ের ছাহেরুনবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

খিলগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদে ছাহেরুনবাগ সাইন বোর্ডের নিচে অভিযান চালানো হয়। এ সময় নূর মোহাম্মদকে তিনশ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে নবীনবাগের নতুন রাস্তা এলাকা থেকে মাসুদ মিয়াকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একশটি ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহূত নিশান প্যাট্রল জিপ গাড়িটি আটক করা হয়েছে।

পুলিশ আরো জানায়, নূর মোহাম্মদ খিলগাঁও এলাকায় একাধিক ফ্ল্যাট ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা চালায়। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক ব্যবসার অভিযোগ ছিল। দামি ওই গাড়ি দিয়েই তিনি এলাকায় ইয়াবা ব্যবসা চালাতেন। দামি গাড়ি চালানোর কারণে অনেকে তাকে এলাকায় প্রভাবশালী ব্যক্তি মনে করতেন। এ ঘটনায় খিলগাঁও থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।