হাসিখুশি থাকতে

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ১৯:৪১
সবাই তো আনন্দে জীবন কাটাতে চায়। কিন্তু সবারই একটাই আক্ষেপ যে তার জীবনে কোনো আনন্দ নেই। কিন্তু আনন্দ কি নিজে থেকেই মানুষের কাছে এসে ধরা দেয় নাকি মানুষেরই জীবন থেকে আনন্দ খুঁজে নিতে হয়? এই প্রশ্ন হয়তো অনেকের মনেই অনেকবার এসেছে! কিন্তু প্রায় সব মানুষই আনন্দে থাকতে চাইলেও জীবন থেকে আনন্দ খুঁজে নিতে ব্যর্থ হয়। ফলে ছোট ছোট বিষয় নিয়ে হতাশায় ও বিষণ্নতায় ভুগে থাকে। সারাদিনের ছোট ছোট বিভিন্ন বিষয় থেকেই খুঁজে নেওয়া যায় জীবনের আনন্দ। খুব সামান্য কোনো বিষয়ও মন থেকে অনুভব করার চেষ্টা করলে আপনি হয়ে উঠতে পারবেন সুখী একজন মানুষ। আসুন জেনে নেওয়া যাক সারাদিনের এমন ছোট ৮টি বিষয় যেখান থেকে সহজেই খুঁজে নিতে পারবেন আনন্দ। লিখেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন সাফাওয়াত খান সাফু সকালের চা বা কফির কাপ :প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই অথবা নাস্তা খাওয়ার পর অনেকেরই চা বা কফি পানের অভ্যাস আছে। চা বা কফির অসাধারণ স্বাদে মূহূর্তেই হয়ে যান চাঙ্গা। চিনি ছাড়া হোক কিংবা চিনিসহ, প্রতিদিন সকালের চা বা কফিতেও কিন্তু খুঁজে পেতে পারেন নির্মল আনন্দ। বুক ভরে নিঃশ্বাসের সাথে চা বা কফির ঘ্রাণ নিন। আর মন থেকে অনুভব করুন এর স্বাদ। ১০ মিনিট একটু শান্তিতে নিরিবিলি পরিবেশে বসেই না হয় পান করুন নিজের পছন্দের চা কিংবা কফি। কর্মক্ষেত্রে যাওয়ার রাস্তা :প্রতিদিন একই রাস্তা দিয়ে কর্মক্ষেত্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে যেতে একঘেয়েমি লাগে অনেকেরই। কিন্তু একই রাস্তায় কি প্রতিদিন একই মানুষ থাকে? প্রতিদিন যে রাস্তা দিয়ে অফিসে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া আসা করছেন সেই রাস্তার ছোট ছোট বিভিন্ন বিষয়গুলো লক্ষ্য করতে করতে যান। মানুষ কী করছে, রাস্তার পাশের দোকানে কী পাওয়া যাচ্ছে, আশপাশের বারান্দায় ফোটা ছোট্ট কোনো ফুল কিংবা চায়ের দোকানের আড্ডাগুলোও লক্ষ্য করুন মন দিয়ে। দেখবেন এসব ছোট ছোট বিষয়ই আপনার মনে এক অদ্ভুত আনন্দ সৃষ্টি করবে। মানুষের হাসি :পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয় হলো মানুষের হাসি। প্রতিদিন পরিবারের প্রিয় মানুষগুলোর হাসিমুখ, রাস্তায় বের হয়ে অপরিচিত মানুষের হাসিমুখগুলো দেখুন। খেয়াল করুন মানুষ কত অভাবে থেকে এবং প্রতিকূল পরিবেশেও হাসতে পারে। অন্যের হাসি থেকে আনন্দ খুঁজে নিন। আর সুযোগ পেলেই নিজেও হেসে নিন মন খুলে। নিরিবিলি বসার জায়গা :রোজ বিকাল বেলা চেষ্টা করুন পার্কে কিংবা নিরিবিলি কোনো মাঠে গিয়ে কিছুক্ষণ বসে থাকতে। প্রকৃতির নীরবতা থেকেও আনন্দ খুঁজে নেওয়া যায়। নীরব জায়গায় বসে চুপ করে প্রকৃতির শব্দগুলো শুনুন। পাখির ডাক, ঝিঁঝিঁ পোকার শব্দ কিংবা বাতাসে গাছের পাতা নড়ার শব্দগুলো অনুভব করুন। কিছুক্ষণের মধ্যেই আনন্দের ভরে যাবে আপনার মন। প্রিয় খাবার :সকালে, দুপুরে কিংবা রাতে যখনই হোক খাবার তালিকায় আপনার প্রিয় খাবারগুলো রাখার চেষ্টা করুন। মনের উপর খাবারের প্রভাব অনেক। পছন্দের মজাদার খাবার খেলে মনে আনন্দের অনুভূতি হয়। এ ছাড়াও মিষ্টি জাতীয় খাবার যেমন আইসক্রিম, চকলেট বা অন্যান্য ডেসার্টগুলো খেলেও মন ভালো হয়ে যায়। প্রিয় গান :প্রতিদিন কিছুক্ষণ গান শোনার চেষ্টা করুন। কারণ প্রিয় গান শুনলে মন ভালো হয়ে যায়। তবে দুঃখের গান না শুনে সব সময় আনন্দের গান শুনুন। তাহলে মন ফুরফুরে থাকবে। সূর্যাস্ত :যখনই সুযোগ হয় তখনই সূর্যাস্তের অসাধারণ সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করুন। সূর্যাস্তের সৌন্দর্য হলো প্রকৃতির এক অনন্য উপহার। তাই সূর্যাস্ত দেখার সময় এর সৌন্দর্য অনুভব করুন মন দিয়ে। তাহলে আনন্দে ভরে যাবে আপনার মন। মডেল সনিকা