কারখানা বন্ধের আগে শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। তারা বলেছেন, বন্ধ হয়ে যাওয়া শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ না দিলে চাকরিচ্যুত শ্রমিকদের নিয়ে খুব শীঘ্রই বড় ধরনের আন্দোলনে যাবেন।
বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টেসের শ্রমিকরা সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশ শেষে তারা বিজিএমইএ ভবন ঘোরাও কর্মসূচিতে অংশ নেন। আয়োজক সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম রনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল হোসাইন, রোখসানা আক্তার, আসাদুজ্জামান, সাহিদা, মর্জিনা, সুমন, ফাতেমা প্রমুখ। সমাবেশ শেষে শ্রমিকদের একটি মিছিল প্রেসক্লাব হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, ইতিমধ্যে দেশে প্রায় ৩০টি কারকানা বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হয়নি।
বক্তারা শ্রমিকদের এই ন্যায্য দাবি আদায়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কল-কারখানা অধিদপ্তরকে এগিয়ে আসার আহবান জানান।
