দেশীয় চলচ্চিত্রকে পাইরেসি থেকে রক্ষার আহবান

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২১:৪৫
গত রবিবার আইপিএবি-এর উদ্যোগে জাতীয় মেধাসম্পদ দিবস-২০১৪ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে দেশের চলচ্চিত্র শিল্প রক্ষায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইপিএবি-এর ব্র্যান্ড এ্যাম্বাসেডর চিত্রনায়ক অনন্ত জলিল, চিত্রনায়িকা বর্ষা এবং আইপিএবি-এর সেক্রেটারি জেনারেল আজিজুর রহমান এফসিএস প্রমুখসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমাদের চলচ্চিত্র শিল্প ব্যাপক পাইরেসি দ্বারা অনেক বছর ধরে আক্রান্ত হচ্ছে, যা এখন চূড়ান্ত পর্যায় গিয়ে পৌঁছেছে এবং আমাদের অর্থ উপার্জনের পথকে ধ্বংস করে দিচ্ছে। চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, আমাদের সকল অংশগ্রহণকারীকে কেবলমাত্র চলচ্চিত্রের পাইরেসির বিরুদ্ধে সংগ্রাম করলেই হবে না বরং সকল প্রকার বুদ্ধিভিত্তিক/ সাহিত্যভিত্তিক সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আজিজুর রহমান বলেন, “আইপি আর সন্ত্রাস বন্ধ করুন, জাতি গড়ুন এবং চলচ্চিত্র শিল্পকে রক্ষা করুন”। -প্রেস বিজ্ঞপ্তি