অস্ত্রসজ্জিত রুশপন্থিরা গতকাল সোমবার পূর্ব ইউক্রেনের আরো একটি শহর দখল করে নিয়েছে। তারা কস্তিয়ানতিনিভকায় টাউন হলে ঢুকে পড়ে এবং ব্যারিকেড স্থাপন করে। প্রত্যক্ষদর্শীরা একথা জানায়। কস্তিয়ানতিনিভকা শহরটিতে ৮০ হাজার লোকের বাস। এটি স্লাভিয়ানস্ক ও দনেতস্ক শহরের মাঝামাঝি অবস্থিত। দুটি শহরই বিদ্রোহীদের দখলে রয়েছে। এর আগে ইউক্রেনের একাধিক শহর রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা দখল করে নিয়েছিল। খবর ফক্সনিউজের।
সূত্র জানায়, রুশপন্থিরা সরকারি ভবনে হামলার সময় মুখোশ পরে যায়। এটি রুশ সীমান্ত থেকে দেড়শ কিলোমিটার দূরে অবস্থিত। এপির একজন ফটোসাংবাদিক জানান, তিনি ১৭ জন মুখোশ পরা অস্ত্রধারীকে ভবন দখল করতে যেতে দেখেছেন। তাদের সকলের মাথায় ফিতাও বাধা ছিল। এই ফিতা রাশিয়ার প্রতি আনুগত্যের প্রতীক। গত নভেম্বর থেকে ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতি সবচে খারাপ হতে শুরু করে।
কয়েকদিন আগে, ইউক্রেনের দনেতস্ক, লুহানস্ক ও কারকিভ শহর দখলে নিয়েছিল রুশপন্থী সৈন্যরা। দখল করে সেখানে গণভোটের মাধ্যমে স্বাধীনতার দাবিও জানায় তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট এই ঘটনাকে রাশিয়ার দ্বিতীয় পর্যায়ের আগ্রাসন বলে উল্লেখ করেছিলেন। কিয়েভ অভিযোগ করেছে, ইউক্রেনকে বিভক্ত করতে চায় রাশিয়া।
এদিকে, ইউক্রেন নিয়ে রাশিয়ার অবস্থানকে অগ্রহণযোগ্য উল্লেখ করে গতকাল যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭ সহযোগী ও ১৭ রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
