যুক্তরাষ্ট্রে ছয় রাজ্যে টর্নেডোর তাণ্ডবে নিহত ১৭

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০১
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি রাজ্যে রবিবার টর্নেডোর ভয়াবহ তাণ্ডবে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক। টর্নেডো আঘাত হানা রাজ্যগুলো হচ্ছে আরকানসাস, ওকলাহোমা, নেব্রাস্কা, কানসাস, আইওয়া ও মিসৌরি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আরকানসাসের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, কেবল এ অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলেই কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ওকলাহোমা জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, টর্নোডোতে সেখানে কমপক্ষে একজনের প্রাণহানি ঘটেছে। খবর এএফপি ও বিবিসির। ওকলাহোমা জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা কেলি কেইন বলেন, টর্নেডোর আঘাতে বহুসংখ্যক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং কিছু ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়। কোথাও কোথাও রাস্তা থেকে গাড়ি উড়িয়ে দেড় কিলোমিটার দূরে পর্যন্ত নিয়ে ফেলে এই শক্তিশালী টর্নেডো। আরকানসাসের প্রশাসনিক কর্মকর্তা জানান, সেখানে নিহতদের মধ্যে পাঁচজন ফাকনার, পাঁচজন পুলাস্কি ও একজনের মৃত্যু হয়েছে হোয়াইট কাউন্টিতে। টর্নেডোর তাণ্ডবে রাজ্যের বহু গাছ-পালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে রাস্তার ওপর। বলা যায়, রাজ্যের মধ্যাঞ্চল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিলিপাইন সফরে আছেন। তিনি এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক প্রকাশ করে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন। বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে পল্লী এলাকায়।