বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশিদের চলে যেতে বলার আপনি কে

আপডেট : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৪
বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশিদের চলে যেতে বলার আপনি কে? বাংলাদেশিদের তল্পি-তল্পাসহ ফেরত পাঠানোর কথা বললে বাংলার মানুষ আপনাকে ছুড়ে ফেলে দেবে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাচ্ছে মোদীর এমন মন্তব্যের একদিন পরই তাকে কঠোর ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। খবর এনডিটিভির। মোদীকে উদ্দেশ্য করে মমতা ব্যানার্জি বলেন, তিনি বাংলাদেশিদের নাকি ফেরত পাঠাবেন। এ সিদ্ধান্ত নেয়ার তিনি কে? ১৯৭১ সালে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির অধীনে বাংলাদেশিরা ভারতে এসেছিলো। মোদী ইতিহাস জানেন না। কেউ বাংলায় কথা বললেই তিনি বাংলাদেশি নন-এ কথাটা তিনি জানেন না। মোদী বাঙালী ও অবাঙালীদের বিভক্ত করতে চান। এটা এক ধরনের বৈষম্য। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশিদের তল্পি-তল্পাসহ ফেরত পাঠানোর কথা বললে বাংলার মানুষ তাকে ছুড়ে ফেলে দেবে এটা তার জেনে রাখা উচিত। মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। গত রবিবার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে বিজেপি’র এক নির্বাচনী সমাবেশে মোদী বলেন, ভোটের জন্য অন্যান্য রাজনৈতিক দল অবৈধ বাংলাদেশি অভিবাসীদের লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায়। কিন্তু বিজেপি ক্ষমতায় এলে এসব বাংলাদেশি অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে। ১৬ মে’র পর এসব বাংলাদেশি ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে থাকলে ভাল করবে। বিহার থেকে লোক এলে, তারা আপনাদের কাছে বহিরাগত হয়ে যায়। উড়িষ্যা থেকে এলেও বহিরাগত। কিন্তু বাংলাদেশ থেকে কয়েকজন এলেই আপনাদের চোখমুখ উজ্জ্বল হয়ে যায়। এইভাবে দেশ চলতে পারে না। আপনাদের ভোট ব্যাংক রাজনীতির জন্য আমরা দেশকে উচ্ছন্নে যেতে দিতে পারি না। কিছু প্রতিবেদন অনুযায়ী, ভারতে এখন প্রায় ২ কোটি বাংলাদেশি অভিবাসী আছে। কিন্তু এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই।