বৈদেশিক খাত উন্মুক্তকরণে ঝুঁকি মোকাবিলায় চাই সমন্বিত পদক্ষেপ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:৩২
বৈদেশিক খাত উন্মুক্তকরণের ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে এ বিষয়ে বোঝাপড়া বাড়ানোও দরকার রয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এসব কথা বলেন। দক্ষিণ এশীয় দেশগুলোর অভিজ্ঞতার আলোকে ‘বৈদেশিক খাত উন্মুক্তকরণ ব্যবস্থাপনা’ বিষয়ে সার্কফাইন্যান্স সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান ও চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজমী বক্তৃতা করেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। মির্জ্জা আজিজ অর্থনীতি উন্মুক্তকরণের সুবিধা নিশ্চিত করতে এ অঞ্চলের দেশগুলোর বৈদেশিক লেনদেনের নীতি ও কার্যকরণের মধ্যে সুসমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।