পরিবেশ দূষণ
দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে সোমবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর চারটি কারখানার মালিক/প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ৪৭ লাখ টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানসমূহের মধ্যে একটি ডাইং কারখানা, একটি রেডিমিক্স কারখানা ও দুইটি পেপার বোর্ড মিল।
ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে কারখানা পরিচালনা করে অপরিশোধিত তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে ক্ষীরু নদীতে নির্গত করে পরিবেশ, প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাস্থ কাঁঠালী এলাকায় অবস্থিত শেফার্ড ইন্ডাঃ লিঃ, শেফার্ড টেক্সটাইল লিঃ ও শেফার্ড ইয়ার্ন ডাইং লিঃ-কে ৪০ লাখ টাকা জরিমানা করেন। তাছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া এবং রাজউক প্রণীত ড্যাপ এলাকাভূক্ত এবং সরকার ঘোষিত প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) তুরাগ নদীর তীরবর্তী এলাকায় নিচু জমি ভরাট করে কারখানা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে ঢাকা জেলার সাভার উপজেলাধীন বিরুলিয়া এলাকায় অবস্থিত মীর আখতার হোসেন লিঃ নামক রেডিমিক্স কারখানাকে-২০ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কারখানা পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণের অপরাধে মানিকগঞ্জ জেলার সদর উপজেলাধীন তেরদানা এলাকায় অবস্থিত মেসার্স সাত্তার বোর্ড মিলস-কে ২ লাখ টাকা এবং মেসার্স বি.কে বোর্ড মিল-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি
