বাড়তি করারোপের ভাবনা
রাজধানী ঢাকার আশপাশে নতুন শিল্প কারখানা নিরুত্সাহিত করতে বাড়তি করারোপের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর এসব এলাকার বাইরে দূরবর্তী এলাকায় শিল্প স্থাপনে বিশেষ কর ছাড়েরও চিন্তা করা হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন শিল্পোদ্যোক্তাদের এমন ভাবনার কথা জানান। বিসিআই নেতৃবৃন্দ এনবিআরের এমন ভাবনায় সম্মতি দেন। এছাড়া এখন থেকে সব শিল্প কারখানা নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুত্ ও গ্যাসের উপর নির্ভর করে চলতে হবে জানিয়ে তিনি বলেন, এখন থেকে গ্যাস সুবিধা পাবে না।
এনবিআর চেয়ারম্যান বলেন, ঢাকা এখন পৃথিবীতে বসবাসের অযোগ্যতম স্থান হিসেবে পরিচিতি পেয়েছে। অন্যদিকে ঢাকা ও এর আশপাশের এলাকায় ভূমি স্বল্পতার কারণে গত ছয় বছর চেষ্টা করেও একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা যায় নি। তিনি বলেন, ২০১৭ সাল নাগাদ বিদ্যুত্ উত্পাদন ১৮ হাজার মেগাওয়াটা উত্পন্ন হলেও চাহিদার কারণে শিল্প কারখানাগুলো নিজস্ব ব্যবস্থাপনায়ই বিদ্যুতের যোগান দিতে হবে।
বিসিআই আয়কর সংক্রান্ত প্রস্তাবে কোম্পানির কর্পোরেট কর হার কমিয়ে শেয়ারবাজারে নিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ এবং অনিবন্ধিত কোম্পানির ক্ষেত্রে ৩০ শতাংশ করার প্রস্তাব দেয়া হয়। কোম্পানির লভ্যাংশ আয় ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেয়। সংগঠনটির পক্ষ থেকে আগামী বাজেটে বিবেচনার জন্য শুল্ক সংক্রান্ত ৩৭টি প্রস্তাব, ভ্যাট সংক্রান্ত ৭টি ও আয়কর সংক্রান্ত বিষয়ে ৮টি প্রস্তাব দেয়া হয়।
আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালক ইঞ্জিনিয়ার মহব্বত উল্লা, নাজমুল হক, শামসুর রহমান, মিজানুর রহমান, জিয়া হায়দার মিঠু, এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করিম ও ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
