বাড্ডায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২১:৩৩
বাড্ডায় বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- আব্দুল মোতালেব ভুঁইয়া ও নূরে আলম। এ ঘটনায় সবুর আলী নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন। তাকে মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। বাড্ডা ?থানার ওসি এম এ জলিল বলেন, সোমবার রাত দুইটার দিকে আফতাব নগর বর্ধিত প্রকল্পে বাড্ডা খালের ওপর বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আফতাব নগর বর্ধিত প্রকল্পে বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ চলছে। একটি ট্রাকে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাওয়ার সময় বেইলি ব্রিজে ওঠার সময় ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১১-৩২৮১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের দুই শ্রমিক বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মোতালেবের গ্রামের বাড়ি শরীয়তপুরে এবং নূরে আলমের বাড়ি ঠাকুরগাঁওয়ে।