সরকার সন্ত্রাস চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাচ্ছে

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২৩:১৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, বিরোধী দলীয় নেতা-কর্মীদের ধারাবাহিকভাবে হত্যা ও জখম করছে সরকার। অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে তারা এসব করছে। সরকার সন্ত্রাস চালিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে চাচ্ছে। মির্জা ফখরুল সরকারের উদ্দেশে বলেন, দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। বরং নির্যাতনের মাত্রা যতই বৃদ্ধি করা হবে ততই বিরোধী দলীয় নেতা-কর্মীরা সুসংগঠিত হয়ে জনগণকে সাথে নিয়ে চলমান আন্দোলনকে আরো বেগবান, গতিশীল ও শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ হবে। তিনি বলেন, যুবদল, ছাত্রদল ও কৃষকদল আয়োজিত কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলার চন্দনাইশ উপজেলার রওশনহাট বাজারে বিক্ষোভ সমাবেশ চলাকালে সশস্ত্র ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়ে ১৫-১৬ জনকে আহত করেছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।