অস্বচ্ছ সাব-কন্ট্রাকটিং ব্যবস্থাই তৈরি পোশাক শিল্পের বড় সমস্যা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২৩:১৪
অস্বচ্ছ প্রক্রিয়ার সাব-কন্ট্রাকটিংয়ের মাধ্যমে পণ্য উত্পাদনই বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় সমস্যা। এর সঙ্গে রয়েছে - এই খাতে সুশাসন ও অবকাঠামোগত দুর্বলতা। নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন সেন্টার ফর বিজনেস স্কুল এন্ড হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে জরুরি ভিত্তিতে সাব-কন্ট্রাক্টের কাজ করে এমন কারখানার মান উন্নয়ন ও বায়িং হাউজগুলোর কাজের স্বচ্ছতা নিশ্চিত করা দরকার বলে মত প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে দুই দিনের সম্মেলন শেষে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। রানা প্লাজা ট্রাজেডির পর গত এক বছর ধরে দেশের বিভিন্ন পোশাক কারখানা পরিদর্শন, সংশ্লিষ্টদের দেয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে গার্মেন্টস শিল্পের দীর্ঘমেয়াদী উন্নয়নে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, পোশাক শিল্পে সুশাসন প্রতিষ্ঠায় টেকসই সংস্কার কার্যক্রম পরিচালনা, অবকাঠামো দুর্বলতা দূর করতে একটি তহবিল গঠন। এই তহবিল গঠনে সহায়তা দেয়ার জন্য দাতা সংস্থা ও আন্তর্জাতিক ঋণদান প্রতিষ্ঠানগুলোর প্রতি আহবান জানানো হয়। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন স্টার্ন সেন্টার ফর বিজনেস স্কুল এন্ড হিউম্যান রাইটসের সমন্বয়ক মাইকেল পসনার এবং গবেষণা পরিচালক ডরোথি পাউলি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টাপ্রেনারশিপ ডেভেলপমেন্টের পরিচালক রেজাউর রাজ্জাক এবং জ্যেষ্ঠ গবেষক শামীম হকের নেতৃত্বে তহবিলের পরিমাণ নির্ধারণে একটি গবেষণা পরিচালনার সিদ্ধান্ত হয় সম্মেলনে। সম্মেলনে পোশাক খাতের উদ্যোক্তা, ক্রেতা, শ্রমিক নেতাসহ সরকার, বিজিএমইএ, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।