সাভারের আশুলিয়ায় বেপরোয়া বাসের চাপায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা মো. কবির হোসেন (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত এসআই কবির হোসেন গোপালগঞ্জ জেলার সদর থানার মৃত আবদুল মান্নান হোসেনের ছেলে। তিনি ২০১৭ সালের ১ নভেম্বর আশুলিয়া থানায় যোগদান করে এসআই পদে কর্মরত ছিলেন।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মনিরুল হক ডাবলু এসআই কবিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা নিহতের মরদেহ দেখতে হাসপাতালে ছুটে যান। এঘটনায় পুরো থানা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কাছে কবির হোসেনের মরদেহ হস্তান্তর করা হলে স্বজনরা তারা লাশ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিকালে এসআই কবির হোসেন আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে দায়িত্ব পালন কালে পলাশবাড়ি এলাকায় একটি দ্রুতগামী বাসকে থামানোর সংকেত দিলেও বেপরোয়া বাসটি তাকে চাপা দেয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডেকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছেলে ও কলেজ পড়ুয়া এক মেয়ে রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
